কবিঃ এম আর মাহ্ফুজ
এক বনে বাসা বেঁধেছিল দুটি ময়না পাখি,
একজন ছিল প্রাণের প্রিয়, অন্যজন তার সাথী।
ছেলে পাখির ভালোবাসা ছিল সীমাহীন টান,
মেয়ে পাখির চোখেই যেন খুঁজে পেত প্রাণ।
হঠাৎ একদিন আঘাত এলো নির্মম কোনো ক্ষণে,
মেয়ে পাখিটি পা হারালো গভীর ব্যথার টানে।
কাঁদতে কাঁদতে বলল সে, “যেও না আমায় ছেড়ে,
তুমি ছাড়া এই পৃথিবীটা কীভাবে যাব পেরিয়ে?”
ছেলে পাখি নীরব হলো, চোখে জমল জল,
ভালোবাসার গভীরতায় কেঁপে উঠল মন।
নিজের দুটি ডানা কেটে বলল ভালোবেসে,
“এবার আমি চাইলেও যাব না তোমায় ছেড়ে।”
কী অদ্ভুত সেই ভালোবাসা, কী গভীর তার টান,
নিজের ডানা বিসর্জনে রাখল সে প্রেমের মান।
দুটি প্রাণের ছোট্ট ঘরে সুখের ছিল বাস,
ভালোবাসাই ছিল তাদের বেঁচে থাকার আশ।
হঠাৎ একদিন কালো মেঘে ঢেকে গেল আকাশ,
প্রচণ্ড ঝড়ে ভেঙে গেল তাদের ছোট্ট বাস।
চারদিকে শুধু হাহাকার, বাতাস ছুটে যায়,
মৃত্যুর মতো ভয় তখন দুজনকে ঘিরে রয়।
ছেলে পাখিটা বলল তখন, “তুমি চলে যাও,
নিরাপদ কোনো আশ্রয়ে জীবনটাকে বাঁচাও।
আমার কথা ভেবো না, তোমার জীবন আগে,
ঝড় থামলে ফিরে এসো ভালোবাসার টানে।”
মেয়ে পাখি উড়ে গেল নিরাপদ এক আশ্রয়ে,
পেছনে রইল ভালোবাসা ঝড়ের মাঝে পড়ে।
ঝড় থামিলে ফিরে এলো আপন বাসার কাছে,
দেখল তার প্রিয় পাখিটি নিথর হয়ে আছে।
মাটির বুকে পড়ে আছে তার প্রিয়তম প্রাণ,
নিঃশব্দ হয়ে থেমে গেছে ভালোবাসার গান।
কাছেই ছিল মাটির বুকে শেষ কথাটির ছাপ,
তা পড়ে তার বুকের মাঝে নেমে এলো শোকের চাপ।
“তুমি যদি একবার বলতে, ‘আমি যাব না দূরে’,
আমি তবে বাঁচতাম তোমার ভালোবাসা ঘিরে।
ঝড়-তুফান উপেক্ষা করে থাকতাম তোমার পাশে,
তোমার জন্য মৃত্যুকেও নিতাম আমি হাসিমুখে।”
মেয়ে পাখির চোখের জলে ভিজল মাটির বুক,
হারিয়ে গেল ভালোবাসা, রইল শুধু শূন্যতাটুকু।
কথা না বলা ভালোবাসা রেখে গেল যে ক্ষত,
একটি কথা না বলাতেই শেষ হলো সব পথ।
ভালোবাসা শুধু নয় যে কাছে থাকার নাম,
কখনো একটি কথাই বাঁচিয়ে রাখে প্রাণ।
যে মানুষটি পাশে আছে, তাকে ভালোবেসে যেও,
সময় থাকতে মনের কথাটি মুখে বলে দিও।
নীরবতার আড়ালেও জমে থাকে অভিমান,
একটি ভুল বোঝাবুঝিতেই থেমে যেতে পারে প্রাণ।
তাই আপন মানুষটিকে কখনো রেখো না দূর,
ভালোবাসা থাকলে বলো, কোরো না তাকে পর।
ভালোবাসা যদি সত্যি হয়, প্রকাশ করো আজ,
কে জানে আগামীকাল কী লিখে রেখেছে ভাগ্যরাজ।
একটি “আমি আছি” কথাই মুছে দিতে পারে ভয়,
কখনো একটি ছোট্ট বাক্যই হয়ে ওঠে শেষ আশ্রয়।
#ভালোবাসারশেষচিঠি #এমআরমাহ্ফুজ #বাংলাকবিতা #প্রেমেরকবিতা #ভালোবাসা #নীরবভালোবাসা #অভিমান #অনুভূতিরকবিতা #সম্পর্ক #জীবনদর্শন #কাব্যভূমি #BanglaPoetry


