শিশির আজম
আমার তো এখন বাগানে হাঁটবার কথা
অথবা স্নান করবার
কিন্তু আমি বসে আছি টেবিলে
ক্ষুদ্রাকার এক বইয়ের সামনে
মাথায় আসছে না বইটা কেন লেখা হলো
লেখক কী প্রত্যাশা করেন
ভিক্টোর হুগোকে চেনেন তো
আর রেনেসাঁ ব্যাপারটা তো জানেন
অতি ক্ষুদ্রাকার আর সাদাসিধে একটা বইয়ের ভিতর
ধরে নিন আপনি পেয়ে গেছেন
আস্ত এক আগ্নেয়গিরি
তো
আপনার শেখা দরকার
অন্তত
একটা রুটি
কীভাবে সেঁকে নিতে হয়
পরবর্তী সভায় কথাগুলো তুলবো
সত্যি আমি বুঝিনে
মানুষ চিরকাল কেন নিজেকে নিয়ে দুশ্চিন্তা করে
কেন সে ফিরে দেখে না
দেবদারু পাতায় বাতাসের শিরা-উপশিরার হাবুডুবু মেঘ।
অবশ্য মাঝেমধ্যে আমার এরকম মনে হয়েছে যে
সমস্যাটা হয়তো
মানুষ বললে মানুষকে নিয়ে
দেবতা বললে দেবতাকে নিয়ে।
আমরা কি বুকে হাত দিয়ে বলতে পারবো যে
সূর্য কোনদিনই পশ্চিমে ওঠে না?
বন্যায় ফসল ভেসে যাবার মুহূর্তে
চাষি তার পুরনো চটিজোড়াকে চেপে ধরে না বুকে?
না, যে কোন কিছুর জন্য
যে কারোর জন্য
একটা মাত্র নাম যথেষ্ট না।
এমনও হতে পারে যে
একাধীক নাম যদি তার থেকেও থাকে
তার কোনটাই, বিশেষ মুহূর্তে, তার জন্য আংশিকও না।
তাহলে বলতে হয় নামের ব্যাপারে আমাদের সুপ্রাচীন অর্গল
খুলে দেওয়া দরকার।
শুধু নাম কেন
নিজেকে নিয়ে দুশ্চিন্তাও কমাতে হবে।
কুকুরের বাঁকা লেজ কেন সোজা হবে না
এব্যাপারে আমাদের আরও ভাবা উচিৎ।
এটা কেবল দেবতাদের উপর ছেড়ে দেওয়া
মনে হয় ঠিক হচ্ছে না।
পিয়েতা
নরম ঘাসে চোখের পাতা ভেজা
চাঁদটা আধখোলা কবিতাবই
এ হল শুরু, আর জলপাথর
খেলতে থাকে স্বাধীনতাকে নিয়ে
সব নদীই শুয়েছে রোদ বুকে
বাড়তে থাকে পরমাণুর খিদে
ঘাম ও পলি এদেশে পরিচিত
পুরনো ঘরে ওড়ে বায়ুর ঝাঁক
তোদের আমি হারিয়ে যেতে দিই
আবার যাতে তোদের ফিরে পাই
অসুখী খাঁদে ঘড়িটা শুয়ে আছে
জরুরী কাজে নামতে পারে বায়ু
দেয়ালে তবু আমরা কান পাতি
দেয়ালে চীড়, এক টুকরো আলো
রূপালী হাড়ে হাসির কথা বলে
শুকনো ঘাসে ছড়িয়ে পড়ে ধ্বনি
অজানা কিছু ছিল না তবু আছে
লাল গোধূলি নিরব হয়ে এলো
পশুর খুরে জড়িয়ে এলো ঘুম
শেষ ও শুরু মূলত এক কণা
দুটো মহিলা
দুটো মহিলা বাগানে অনেকক্ষণ গল্প করছিল
তাদের সাদা ব্রা
বাচ্চারা বিকেলে খেলা করছিল
মহিলা দুটো খেয়াল রাখছিল বাচ্চাদের দিকে
আর আতঙ্কিত হচ্ছিল এই ব্যাপারটা জেনে
যে এক কোটি বছরেও খরগোশ প্রজাতি বিলুপ্ত হবে না
দুটো মহিলা বাগানে অনেকক্ষণ গল্প করছিল
তাদের ব্রা সাদা
অংকের ক্লাস
ধরে নাও
১ টি ঘড়ির মূল্য ১০০০ টাকা
আর
১ টি কলমের মূল্য ৫ টাকা
এখন ৩ টি প্রশ্ন তোমাদের জন্য :
১|
আমাদের ব্যাবহারিক জীবনে
ঘড়ি আর কলমের মূল্য কি সমান?
২|
ঘড়ি
কলমটিকে গিলে ফেলবার সামর্থ্য রাখে?
৩|
কলমের সার্বভৌম অস্তিত্ব কি
ঘড়ির অনিবার্যতার প্রতি
অপ্রচ্ছন্ন হুমকি?
উৎস: Nishinile



